বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নেত্রী মা ম্যা চিং। তাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যবিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও পরবর্তী সংশোধনী এবং ২০১৪-এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।
পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- চনুমং, মং ক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই ইউচাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসীম উদ্দিন, ক্যউ প্রু খিয়াং ও কাজী নিরুতাজ বেগম।
মা ম্যা চিং বান্দরবান জেলা বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। রাজনৈতিক জীবনে তিনি ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়া, তিনি দীর্ঘ সময় বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটিতেও উপজাতীয় বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
এই নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।
বান্দরবান জেলা প্রতিনিধি 





















