নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রই আসুক না কেন? নগরবাসীকে সঙ্গে নিয়ে সব উন্নয়নমূলক কাজ চলমান থাকবে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত শিশু সুরক্ষায় শিশু ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, একটা পর্যায়ে গিয়ে তিনি অবশ্যই সফল হবেন। ৪১ বছরের রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ এ অবস্থানে এসেছেন। ভালো কাজের ক্ষেত্রে নানা বাধা থাকে। তবে থেমে থাকলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে।
শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম ও ইতিবাচক উদ্যোগ যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, বর্ষা মৌসুমে বাসাবাড়ি, ছাদ, ছাদবাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা বাস্তবায়ন করতে হলে প্রথমে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, এরপর সবুজায়নের দিকে গুরুত্ব দিতে হবে।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি লেগুনা, রিকশাসহ বিভিন্ন পরিবহনে কর্মরত শিশুদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এর আগে প্রশাসক প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিশুদের উদ্ভাবনী চিন্তা ও কার্যক্রমের প্রশংসা করেন।
নিজস্ব প্রতিবেদক 























