নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে দেশের নাগরিকরা। বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয় পেয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়, এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার। তাই বিএনপি এই সরকার মানে না।
এ প্রসঙ্গে আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, নির্বাচন বা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই হস্তক্ষেপ বা নাক গলায়নি রাশিয়া।
রাশিয়ার রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, গত জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ৪১ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন, রাশিয়া সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বজায় রাখে।
ড. হাছান মাহমুদের সঙ্গে আলোচনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে।
বাংলাদেশ বা পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না- এমনটা জানিয়ে মস্কোর দূত বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছে।
বাংলাদেশ এবং রাশিয়া নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার চেষ্টা চালিয়ে আসছিল বিশেষ করে রূপপুর পারমানবিক প্রকল্পের জন্য, এ বিষয়ে হালনাগাদ তথ্য আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এক্ষেত্রে কীভাবে বাণিজ্য করা যায় তা নিয়ে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে আলোচনা চলছে। আমরা আশা করি শিগগিরই এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছানো যাবে।
নিজস্ব প্রতিবেদক 









