ফেনী জেলা প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) ও তার মা জাকিয়া আক্তার। জুঁই ও জাকিয়া সম্পর্কে মা-মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে ফুলগাজীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাউছার ও ওয়াহিদা আক্তার জুঁইকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাকিয়া আক্তারসহ আরও তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক জাকিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জুঁইয়ের বাবার বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামের মজুমদারপাড়ায়। ইতালি প্রবাসী কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই মায়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন, আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ফেনী জেলা প্রতিনিধি 





















