কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসেছেন আন হুং ওয়েই নামের এক চীনা নাগরিক। প্রেমের সম্পর্কের পর ঢাকায় থাকা তরুণী মোরশেদাকে বিয়ে করে এখন তিনি অবস্থান করছেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোফাজ্জল হোসেনের বাড়িতে।
মোরশেদা বেগম মোফাজ্জল হোসেনের মেয়ে। বিদেশি এই নাগরিককে এক নজর দেখতে মোফাজ্জলের বাড়িতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে গড়ে ওঠে আন হুং ওয়েই ও মোরশেদার প্রেমের সম্পর্ক। পরে ওই যুবক ঢাকায় এসে মোরশেদাকে বিয়ে করেন। বিয়ের পর নবদম্পতি গ্রামের বাড়িতে ঘুরতে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর এলাকার মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে কাজ করার সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
এদিকে চীনা যুবককে দেখতে প্রতিদিনই মোরশেদার বাড়িতে ভীড় করছেন স্থানীয় নারী-পুরুষ ও তরুণরা। কেউ ছবি তুলছেন, কেউ আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বিদেশি জামাইকে ঘিরে পুরো এলাকায় যেন উৎসবের আমেজ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, ভিন্ন দেশের সংস্কৃতি ও ভাষা হলেও ভালোবাসার বন্ধনই কাছে টেনেছে এই দম্পতিকে। চীনা যুবক আন হুং হোয়েইয়ের আন্তরিক আচরণ ও সহজ-সরল জীবনযাপন ইতোমধ্যেই মন জয় করেছে এলাকাবাসীর।
মোরশেদা জানান, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চীনা যুবক আমাকে পছন্দ করে ঢাকায় এসে বিয়ে করে। সে আমাকে তার দেশে নিয়ে যাবে বলে কথা দিয়েছে। তাই আমি আমার গ্রামের বাড়িতে সকলের সঙ্গে পরিচয় করাতে তাকে নিয়ে এসেছি।
আন হুং ওয়েই বলেন, মোরশেদাকে আমার খুব ভালো লেগেছে। আমি তাকে খুব ভালোবাসি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এ সময় তিনি মোরশেদাকে বিয়ে করার প্রমাণপত্র উপস্থাপন করেন।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ফেরদৌস আলম বলেন, চীনের নাগরিক এসেছে এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে দেখি উৎসুক মানুষের ভিড়। পরে তাদের বিয়ের কাবিননামা দেখেছি। তারা গত ২০ এপ্রিল বিয়ে করেছেন। ছেলেটিকে আমার খুব ভালো লেগেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের সম্পর্কের টানে চীনা যুবক ফুলবাড়ীর কাশিপুরে আসার ঘটনাটি শুনেছি।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 





















