নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানিয়ে ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, গত ১৭ বছরে ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে ও দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব।
সোমবার (২৯ জুন) রাজধানী মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে। যত বাধা-বিপত্তি আসুক না কেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খাল জনগণকে সঙ্গে নিয়ে দখলমুক্ত করা হবে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, দখল হওয়া এ সব খাল উদ্ধার করা না গেলে, ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব হবে না।
ডিএনসিসি’র প্রশাসক বলেন, এ কাজে যত বাধাই আসুক না কেন, সেগুলো অতিক্রম করা হবে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ দূষণ কমাতে ও রাজধানীকে সবুজায়ন করার লক্ষ্যে সবাইকে ছাদ বাগান গড়ে তুলতে হবে। তবে ছাদে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
তিনি সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীকে অনুরোধ করেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদবাগান অবশ্যই করবেন। তবে ছাদবাগান করতে গিয়ে যেন ডেঙ্গু পরিচিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এজন্য ছাদে থাকা প্রতিটি পাত্র কিংবা স্থানে জমে থাকা পানি ফেলে ছাদবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
প্রশাসক নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। এই সরকার জনগণের সঙ্গে আছে এবং থাকবে। জনগনের জন্য যা ভালো তাই করবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সরকার জনগণের স্বার্থেই কাজ করে যাবে।
নগরবাসীর উদ্দেশে প্রশাসক বলেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন। তবে সেটি করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিচিতি ভয়াবহ না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন।
নিজস্ব প্রতিবেদক 
























