নিজস্ব প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে আগামীর ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২৫ মে থেকেই কার্যকর।
জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠান আয়োজন করে।
সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো তৈরি, পোস্টার তৈরি, নজরুল বর্ষের ক্যালেন্ডার প্রণয়ন, স্মারক ডাকটিকেট প্রকাশের কর্মসূচি রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















