নিজস্ব প্রতিবেদক :
ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা ও আন্তঃজেলার প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তিনি কথা বলেন।

বিআরটিসি বাস ভাড়া প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বিআরটিসি বাসের ভাড়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখনো বিবেচনাধীন। আমরা এখনো যেটা বিবেচনা করছি সেটা হচ্ছে বিআরটিসির যে বাসগুলো এখন চলছে, অন্যান্য বাসের ভাড়া বৃদ্ধির ব্যাপারে গুণাগুণ বিচার করে একটি যৌক্তিক পর্যায়ে বিআরটিসির ভাড়া নির্ধারণ করার জন্য।
এক প্রশ্নের জবাবে এসি বাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসি বাসের ভাড়ার ব্যাপারে সীমারেখা নির্ধারণ করা হবে।
নির্ধারিত ভাড়া মানা হচ্ছে কি না তা সরকার তদারকি করবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এ বিষয়ে প্রশ্ন না করার রিকোয়েস্ট করবো।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাসভাড়া কিলোমিটারপ্রতি ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। সেটি ১১ পয়সা বাড়ানো হলো।
নিজস্ব প্রতিবেদক 























