গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের মজনু মিয়ার ছেলে জাহিদ হাসান (১৮), দক্ষিণ ধনুয়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে আবির হোসেন (১৮), একই এলাকার জহুর মিয়ার ছেলে সজিব (১৭), লুৎফর রহমানের ছেলে আহাদ (১৭) ও হারুন মিয়ার ছেলে পাপ্পু (১৮)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ সিএনজি যোগে ধনুয়া থেকে রওনা দেয় ওই ৫ পরীক্ষার্থী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি ইউটার্নে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ওই ৫ পরীক্ষার্থী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে ৩ জনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিক্ষার্থী জাহিদ হাসানের মা নাসিমা আক্তার জানান, প্রতিদিনের মতো পরীক্ষায় অংশ নিতে তারা অটোরিকশাকে করে বাড়ি থেকে রওনা হয়। পথে এমসি ইউটার্নে একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই আহত হয়। জাহিদ ও আবির তুলনামূলক কম আহত হলেও বাকি তিনজন গুরুতর জখম হয়। জাহিদ ও আবিরকে মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালে চিকিৎসা শেষে দুপুর পৌনে ১২টার দিকে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।
হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমার স্কুলের দুজন শিক্ষককে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন পরীক্ষায় বসেছে।
ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার একটু আগে দুজন আহত পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছেন।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ৩শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত দুজন প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা কেন্দ্রে এসেছে। তারা পরীক্ষা দিচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রের মাধ্যমে খোঁজ খবর নিয়েছি। খুবই মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হয়ে ওই ৫ জন শিক্ষার্থী আহত হয়। পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে তাদের সার্বিক চিকিৎসার বিষয়ে তদারকি করা হচ্ছে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট যানবাহন জব্দ করে। ট্রাকের চালককেও আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর জেলা প্রতিনিধি 























