টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
বাংলা নতুন বছরে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে স্মার্ট কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। পেশাজীবী হিসেবে কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকার আগামী চার বছরের মধ্যে ৬৮১ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম সফর। এ উপলক্ষে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্টেডিয়ামে কার্ড বিতরণ শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে একটি কৃষি মেলার উদ্বোধন করেন।
কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। এ সময় কৃষক কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগমও বক্তব্য রাখেন।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 




















