জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর মরাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া ওই ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে নদীতে মাছ শিকার করতে যায় শামীমসহ কয়েকজন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী গ্রামের বাসিন্দা আরিফুর রহমান বলেন, ভোরে ৪/৫ জন মিলে মাছ ধরার জন্য নদীতে যায়। একপর্যায়ে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে শামীম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর থানার ওসি কাইয়ুম গাজী বলেন, বাড়ির পাশে নদীতে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর জেলা প্রতিনিধি 






















