গাইবান্ধা জেলা প্রতিনিধি :
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলন, পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সেইসঙ্গে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়ন করা হবে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম কায়সার এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এ সব দলের নেগেটিভ অবস্থান ও ভূমিকা ছিল। কিন্তু বিএনপি সব সময় পজিটিভ ভূমিকা পালন করেছে। বিএনপির রাজনীতির ইতিহাসে কালো দাগ লাগে নাই। কারণ, বিএনপির অবস্থান সব সময় দেশের মানুষের জন্য ছিল, ভবিষ্যতেও থাকবে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে শামীম কায়সার লিংকন বলেন, আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব। এটা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব নয়। আমাদেরকে এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধ হতে হবে ইউনিয়নের ওর্য়াড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল, সেখানে প্রতিযোগী থাকবে। তবে তা মুখোমুখি নয়। যে যার রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ তিতিক্ষা-প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে যাব। কেউ এগিয়ে যাবে, কেউ কম আগাবে কিন্তু আমরা সবাই ধানের শীষের লোক মনে রাখতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে।
এসময় তিনি বলেন, আমরা তো ওই রাজনৈতিক দল না যে নিশি রাতের ভোট করব। এটা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব নয়। আমাদেরকে এটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।
তিনি বিএনপির ইউপি সদস্য প্রার্থীদের জন্যও ভোটের মাঠে ভোট চাইতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভোটের মাঠে আপনারা সবাই মিলে বসে একজন প্রার্থী নির্বাচন করবেন। আমি কথা দিচ্ছি, আমি ওই প্রার্থীর জন্য মানুষের ঘরে ঘরে ভোট চাইতে যাব।
সমাবেশে অন্যান্যের মধ্য বক্তব্য দেন, সংরক্ষিত নারী এমপি মমতাজ আলো, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, যুবদলের সভাপতি রাগীব হাসার চৌধুরীসহ অনেকেই।
সমাবেশে শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গাইবান্ধা জেলা প্রতিনিধি 



















