ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের চাকা মেরামতের সময় বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা হেলপার ও ছেলে ট্রাকটির চালক ছিলেন।
শনিবার (১৬ মে) ভোররাত ৪টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার সামনে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তাঁর ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তাঁর বাবা ইউসুফ আলী সহযোগী হিসেবে সঙ্গে কাজ করতেন।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১৩-৬৪০২ নম্বরের একটি পণ্যবাহী ট্রাক ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। চালক ও সহকারী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী অজ্ঞাত একটি দ্রুতগতির বাহন তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক ইউসুফ ও সহকারী ইয়াকুবের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহদাত হোসেন জানান, ভোর চাকা নষ্ট হওয়ায় তারা সড়কের পাশে গাড়ি থামিয়ে মেরামত করছিলেন। কোনো একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাকবলিত পণ্যবাহী ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুর জেলা প্রতিনিধি 



















