নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আমি কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। যে পরিবেশটা আমি দেখেছি, সত্যিই অভূতপূর্ব। এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখেনি। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হচ্ছে।
রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকা ১৬ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মিরপুর ক্যান্টনমেন্ট স্কুলে ভোট দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, ‘সবার সহযোগিতায় সুন্দরভাবে ভোট শুরু হয়েছে। আমি যদিও দুইটা ডিভিশন দেখি, পুরো বাংলাদেশ থেকে যে সংবাদগুলো আসছে খুবই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’
সকালে ঢাকায় ভোটারদের উপস্থিতি কম থাকে জানিয়ে তিনি বলেন, ‘গ্রামে গঞ্জে, মফস্বলে ভোটার উপস্থিতি বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি ভোটার উপস্থিতি বাড়বে। সকল ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আসেন, নিরাপত্তা আমরা দেব। আশা করি দিন শেষে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। ভালো রেজাল্ট বলতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকায় সকালবেলায় এলিট এলাকা, অথবা আজকে একটা ছুটির আমেজ আছে। ধীরে-সুস্থে সবাই আসুক, একটু টাইম নিয়ে আসবে। তবে গ্রামে-গঞ্জে ভোটারের উপস্থিতি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।’
নিজস্ব প্রতিবেদক 














