নিজস্ব প্রতিবেদক :
এবারের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন ১ হাজার ৮৯৬ প্রার্থী। তাদের মধ্যে ১৬৪ প্রার্থীরই বার্ষিক আয় এক কোটি টাকার ওপরে। আর ১০০ কোটির টাকার বেশি সম্পদের মালিক ১৮ জন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস ভবনে টিআইবির কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র, জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
টিআইবি জানায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৫৭ শতাংশ প্রার্থীই ব্যবসায়ী। বিগত ১৫ বছরের ব্যবধানে ব্যবসায়ী প্রার্থীদের অংশগ্রহণের হার বেড়েছে ২১ শতাংশ। শুধু ব্যবসায়ী প্রার্থী নয়, বেড়েছে বছরে ১ কোটি টাকা আয় করেন এমন প্রার্থীর সংখ্যা। এবার নির্বাচনে অংশগ্রহণকারী ১৬৪ জন প্রার্থী বছরে কোটি টাকা আয় করেন। তবে কোটি টাকার কম আয় করেন এমন প্রার্থীর সংখ্যা ৬৫ দশমিক ৩০ শতাংশ। এ ছাড়া এবার প্রায় ২৭ ভাগ প্রার্থী কোটিপতি (অস্থাবর সম্পদমূল্যের ভিত্তিতে)। শতকোটিপতি প্রার্থী সংখ্যায় ১৮। সর্বোচ্চ কোটিপতির প্রদর্শিত সম্পদমূল্য ১ হাজার ৩৪৫ কোটি টাকা।
নবম, দশম, একাদশ ও দ্বাদশ নিবাচনে ইসিতে দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য তুলে ধরেছে টিআইবি। সংবাদ সম্মেলনে তথ্যচিত্র তুলে ধরেন সংস্থাটির তিন সদস্যের গবেষণা দলের প্রধান তৌহিদুল ইসলাম। অন্য দুইজন হলেব রিফাত রহমান ও রফিকুল ইসলাম।
তৌহিদুল ইসলাম বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া ১ হাজার ৮৯৬ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৮ শতাংশ, আর দলীয় প্রার্থী ৮২ শতাংশ। তাদের মধ্যে ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে ১৮ জনের।
অস্থাবর সম্পদমূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীদের বণ্টনের গবেষণার ফলাফলে তিনি বলেন, এক কোটি টাকার নিচে সম্পদ রয়েছে মোট ৭২ দশমিক ০৯ শতাংশ প্রার্থীর, এক কোটি থেকে ১০ কোটি টাকার সম্পদ রয়েছে ২১ দশমিক ২০ শতাংশ প্রার্থীর, ১০ কোটি থেকে ৫০ কোটি টাকার সম্পদ আছে চার দশমিক ৬২ শতাংশের, ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটির সম্পদ আছে এক দশমিক ০৭ শতাংশ প্রার্থীর এবং ১০০ কোটি টাকার ওপরে সম্পদ রয়েছে এক দশমিক ০৭ শতাংশ প্রার্থীর।
নির্বাচনভিত্তিক কোটিপতির সংখ্যা উল্লেখ করে তৌহিদুল ইসলাম জানান, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতির সংখ্যা ছিল ২৭৪ জন, ২০১৪ সালের দশম নির্বাচনে কোটিপতি ছিলেন ২০২ জন, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৫২২ জন এবং এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০২৪ সালে) কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে ৫৭১ জনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, সুমাইয়া খায়ের।
নিজস্ব প্রতিবেদক 














