বেনাপোল প্রতিনিধি :
ভারতে পাচারের শিকার ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা নাগরিকদের মধ্যে নয়জন নারী ও নয় শিশু রয়েছে। তারা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরা পশ্চিমবঙ্গের ধ্রুবআশ্রম, চিনি, সংকল্প, কিশলয়া, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, এস এম এম হোম, সুকন্যা হোম, শহিদ বন্দনা বালিকা স্মৃতি আবাস, সুবায়ন হোমের হেফাজতে ছিল। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদের আইনি কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মানবাধিকার সংস্থা ‘রাইটস যশোর’-এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসা নারী ও শিশুদের আপাতত তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
বেনাপোল প্রতিনিধি 






















