বিনোদন ডেস্ক :
কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল হওয়া নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। জনপ্রিয় অভিনেত্রীর বক্তব্য সম্বলিত ফটোকার্ডের ছড়াছড়ি।
ওই কার্ডে লেখা, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।’
নন্দিত অভিনেত্রীকে জড়িয়ে এমন ফটোকার্ড ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকে হতাশা প্রকাশ করতে থাকেন। কেউ কেউ প্রকাশ করেন বিস্ময়। ঘটনাটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। এরপরই চর্চার লাগাম টানেন অভিনেত্রী।
ঘটনার বিস্তারিত তুলে ধরে সম্প্রতি দিলারা জামান সংবাদ মাধ্যমে জানান, প্রায় ২০-২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমি দখলের ঘটনাটি ঘটেছিল। তবে জমির সব কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি নিজের জমি বুঝে পেয়েছিলেন।
জমিটি বুঝে পাওয়ার পর তা বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন তিনি। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন। শ্যামলীর সেই জমিতে এখন দশতলা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং নিজের বর্তমান জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।
এতদিন পরে বিষয়টি সামনে আসায় অভিনেত্রীও কিছুটা অস্বস্তিতে। বলেন, মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।
অভিনেত্রী এখন উত্তরার বাসিন্দা। তবে পুরনো সে ভিটার ওপর গড়ে ওঠা সুউচ্চ ভবন দেখে এখনও হন আবেগতাড়িত। তার কথায়, আমার ওই জমিটা ছিল শ্যামলীতে। ওখানে এখন দশ তলা অ্যাপার্টমেন্ট উঠেছে। যখন ওইদিকে যাই, জায়গাটা দেখলে আবেগতাড়িত হই।
বিনোদন ডেস্ক 























