নিজস্ব প্রতিবেদক :
ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে এবং যাদের দোকানের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় সমন্বিত অভিযান পরিচালনাকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক আবদুস সালাম বলেন, অভিযানে প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে। ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে এবং যাদের দোকানের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নবায়নের প্রয়োজন হলে তা-ও করতে হবে। দখলমুক্ত ফুটপাত, পরিচ্ছন্ন পরিবেশ, মশকমুক্ত নগর এবং নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সিটি কর্পোরেশনের বিধিবিধান বাস্তবায়নের লক্ষ্যে উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রেড লাইসেন্স যাচাই- এই সমন্বিত কার্যক্রম পর্যায়ক্রমে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।
নিজস্ব প্রতিবেদক 






















