নিজস্ব প্রতিবেদক :
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে প্রস্তাব এলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, গত ৭ আগস্ট স্বাক্ষরিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশ যুক্ত হলে কী সুবিধা পাবে এবং এ প্যাক্ট থেকে বাংলাদেশের প্রাপ্তি কী হতে পারে।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এ প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। প্যাক্টটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে তাহলে আমরা নিশ্চয় এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়টি আসেনি। তাই এখনই এ প্যাক্টের ভালো-মন্দ বা সম্ভাব্য লাভ-ক্ষতি নিয়ে আলোচনার সময় হয়নি। তবে বাংলাদেশ বিষয়টি বিবেচনায় রাখবে।
‘মক্কা প্যাক্ট’-এর তাৎপর্য তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আমাদের মনে রাখতে হবে, এই প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটি হবে মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, এটি নিয়ে অন্য কারও উদ্বেগের কোনো অবকাশ নেই।
নিজস্ব প্রতিবেদক 




















