নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উজাইফা (১০), হাফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে উজাইফার বাবার নাম আল-আমিন, হাফসার বাবার নাম মুন্না এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব। এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সন্ধ্যায় তাদের উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল বলেন, চার শিশুকেই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুজনকে আমাদের হাসপাতালে এবং অপর দুজনকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি 





















