কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে একটি মোটরসাইকেলে করে নিজেদের কর্মস্থল এনজিও সংস্থায় যাচ্ছিলেন দুজন। পথে ঘিলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পালংখালীর একটি এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ডাম্পারচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ ডাম্পারটি জব্দ করেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবছার উদ্দিন জানান, সকালে হোয়াইক্যংয়ের ঘিলাতলী এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরমান ও রুবেল নামের দুই তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কক্সবাজার জেলা প্রতিনিধি 























