নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যানজট নিরসন এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী বাস ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
বক্তারা বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় যানজট কমবে, গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়। এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, মহাখালী টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
নিজস্ব প্রতিবেদক 





















