নিজস্ব প্রতিবেদক :
বর্তমান নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে।
পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ে গণহত্যা ও লাশ পুড়িয়ে ফেলার পরও শেখ হাসিনার কোনও অনুশোচনা নেই। তিনি বরং আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে আখ্যা দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে বিষোদগার করছেন। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা এখনও উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
সালাহ উদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং আর্থিক সক্ষমতা অর্জনের জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিনি বিদেশে নির্বাসিত ছিলেন। তবে তারা নির্বাসনে না থাকলে হয়তো আন্দোলন সফল হতো না। কারণ, তারা শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের নেপথ্যে সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সব মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।
শিগগিরই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়। কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
এতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
নিজস্ব প্রতিবেদক 























