নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সারাদেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (৪ জুলাই) অধিদফতর থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
স্বাস্থ্য অধিদফতরের চিঠিতে বলা হয়, আগামী ১৭ আগস্ট ২০২৬ বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তিতে গৃহীত কর্মসূচি হিসেবে পরিচালক, হাসপাতাল শাখার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও হাজিরা নিয়মিতকরণ সম্পর্কিত নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা হলো-
১. সকল প্রতিষ্ঠান প্রধান স্ব-স্ব হাসপাতাল নিজ দায়িত্বে সার্বক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
২. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধিনস্ত হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মনিটর করবেন।
৩. পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতাল/বিশেষায়িত হাসপাতাল প্রতি শনিবার হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
৪. প্রত্যেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) উল্লিখিত তারিখসমূহে সংযুক্ত তালিকা (সংযুক্ত-০১) অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে সচিত্র পরিদর্শন প্রতিবেদন মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতর, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতর এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদফতর বরাবর প্রেরণ করবেন।
৫. প্রত্যেক সিভিল সার্জন মাসের প্রত্যেক শনিবার সংযুক্ত তালিকা (সংযুক্ত-০২) অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর সচিত্র পরিদর্শন প্রতিবেদন মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতর, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতর এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদফতর বরাবর প্রেরণ করবেন।
৬. ১৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের বায়োমেট্রিক মেশিন সচল করে নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করবেন। ব্যর্থতায় প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
নিজস্ব প্রতিবেদক 





















