নিজস্ব প্রতিবেদক :
দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২৯ জুন) ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এই দাম কমানোর ২৪ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম কমানো হলো। এতে দুদিনে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো ৬ হাজার ৫৯০ টাকা।
নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৪ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৪১ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৪৩ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
ভ্যাটসহ সোনার গহনার দাম নির্ধারণ করা হলেও রুপার ক্ষেত্রে আগের নিয়মই রাখা হয়েছে। অর্থাৎ রুপার গহনা কিনতে নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট দিতে হবে।
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৬ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।
নিজস্ব প্রতিবেদক 




















