রাজশাহী জেলা প্রতিনিধি :
মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি।
জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, শ্রমিকদের মতামত ছাড়াই কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তারা বর্তমান কমিটি বিলুপ্ত করে আপাতত একটি আহ্বায়ক বা এডহক কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনেরও দাবি তোলেন।
শ্রমিকদের দাবি, প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সংস্থা থেকে আহ্বায়ক কিংবা এডহক কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে তারা পুনরায় বাস চলাচল শুরু করবেন।
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী বাস কাউন্টারগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও দুর্ভোগ দেখা যায়। অনেকে জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে না পেরে বিপাকে পড়েছেন।
রংপুরগামী যাত্রী মাজেদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করে বাসস্ট্যান্ডে আসি পরিবার নিয়ে। কিন্তু টার্মিনালে এসে দেখা যাচ্ছে বাস চলছে না। শ্রমিকরা ধর্মঘট করছেন। এটি কোনো কথা হলো?
আরেক যাত্রী হুসনে আরা খাতুন বলেন, আমি সকালে বাসস্ট্যান্ডে আসি ঝিনাহদহ যাব বলে। এসে দেখি বাস বন্ধ। কেন বন্ধ জানি না। সাধারণ মানুষের জানার অধিকারও হয়তো নেই। কিন্তু সাধারণ মানুষকে সবাই জিম্মি করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বাসের টিকেট বিক্রেতা বলেন, রোববার (১৭ মে) রাতে ফেসবুকে ঘোষণা দেওয়া হয় বাস বন্ধের। ভোরে দুয়েকটি বাস ছাড়া হয়েছে। এরপর শ্রমিকরা এসে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসস্ট্যান্ড এলাকায় নজরদারি অব্যাহত রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলেও জানা গেছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।
রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছেন। রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি পদেও আছেন।
বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, কে বা কারা বাস বন্ধ করেছে, সেটি তিনি জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন।
রাজশাহী জেলা প্রতিনিধি 




















