নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- রামিজুল (৪৫), মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গনি (৩০), আল-আমিন (৩০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), শঙ্কর (২৫), কাউসার (৩০) এবং আমির (২৫)। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা কর্মচারী সবাই দুপুরে তাদের নিজস্ব ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। তখন ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ, পা পুড়ে যায়। তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। দগ্ধদের কার কত শতাংশ পুড়ে গেছে তা দেখা হচ্ছে। পরবর্তীতে জানানো হবে।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে মো. আমির (২৫) শংকর(২৫) কাওছার (৩০), আল আমিন (৪৫) এই চারজন ক্যান্টিন বয়। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। দুপুরে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলায় চাল ছিল। তখন কেউ একজন আগুন ধরাতেই এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি 




















