খুলনা জেলা প্রতিনিধি :
খুলনার রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তাঁর বিপি নম্বর: ৯৯১৮২১৪৯২৯। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
পুলিশ জানায়, খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশ-এর খুলনা অঞ্চলের সিনিয়র কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়।
কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রেল পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস ডিউটিরত অবস্থায় কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশের ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা জেলা প্রতিনিধি 






















