নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারই অংশ হিসেবে রোববার (২ মার্চ) ৩৯টিসহ গত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২ মার্চ) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি। এই তালিকায় রয়েছে এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ১টি, গালফ এয়ার (বাহরাইন) ১টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ১টি, এয়ার অ্যারাবিয়া (সংযুক্ত আরব আমিরাত) ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৬টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ১১টি ফ্লাইট।
রোববার (১ মার্চ) বাতিল হয়েছে ৪০টি । এই তালিকায় জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ২টি, সালাম এয়ার (ওমান) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ৯টি।
সোমবার (২ মার্চ) দুপুর পর্যন্ত বাতিল হয়েছে ৩৯টি। এই তালিকায় কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ১০টি। এই মিলে গত তিন দিনে ১০২টি ফ্লাইট বাতিল করল কর্তৃপক্ষ।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
এদিকে ফ্লাইট বাতিলের কারণে বহু যাত্রী বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে রিশিডিউল বা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 


















