চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে রাস্তার অভাবে কাজে আসছে না ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু। কাজ সম্পন্ন না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ৩টি ইউনিয়নের হাজারো মানুষ। প্রায় দেড় বছর ধরে খেতের মধ্যে পড়ে রয়েছে সেতুর মূল অবকাঠামো।
সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুর মূল অবকাঠামো। সেতুর নিচ দিয়ে চলাচল করছে মানুষসহ বিভিন্ন যানবাহন। প্রায় দেড় বছর ধরে সেতু থাকলেও কাজে আসছে না পথচারীদের। এদিকে সামান্য বৃষ্টি ও জলাবদ্ধতা হলেই সেতুর নিচ দিয়েও চলাচল করা যায় না। এতে বাধ্য হয়েই ৬০ মিটার সেতুর জন্য ঘুরে আসতে হয় ১০ কিলোমিটার পথ।
জানা গেছে, ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৩৪৩ টাকা ব্যয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের উপর ৬০ মিটার সেতুর কাজ শুরু হয়। তবে সংযোগ সড়কের জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় জমির মালিকরা জমি ছাড়ছেন না। ফলে গত দেড় বছর ধরে সেতুটির কাজ অসম্পন্ন রেখেই চলে গেছে ঠিকাদার। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সদর উপজেলার শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজার হাজার মানুষ।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার সেলিম রেজা জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধান হলে আবার কাজ শুরু করা হবে।
এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
























