নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় এসেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটের দিকে রাজধানীর ৫ সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান এনসিপি নেতারা।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সদস্য নজরুল ইসলাম খান।
এ সময় নাহিদের বাসায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তিনি। পরে সেখান থেকে বেরিয়ে নাহিদের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরো ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২।
দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।
নিজস্ব প্রতিবেদক 























