নিজস্ব প্রতিবেদক :
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয় ১ হাজার ৪৩৫ শিশুর।
শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে গত ৫৫ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৯১ শিশুর মৃত্যু হয়েছে, আর ৬১ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩৫ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৯৪৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; নিশ্চিত হামের সংখ্যা ৪৮৯ জন।
১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৭৯ শিশু। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ শিশু। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৯ হাজার ৭৪৬ জন।
নিজস্ব প্রতিবেদক 






















