সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। তাদের কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। আহত অপরজন হলেন পুলিশ সোর্স মাসুম মিয়া। তাদের মধ্যে মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
গ্রেফতাররা হলেন- সজল ও সাগর নামে দুই ভাই।
জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তিনিসহ দুই কনস্টেবল শাহীন ও মাইনুল মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযানে যান। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুমকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেছেন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে আমাদের দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে। তাদের চিকিৎসা চলছে। অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি 



















