নিজস্ব প্রতিবেদক :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখা (সাবেক স্থানীয় কার্যালয়) থেকে লকার দুটি জব্দ করা হয়েছে।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেন, অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে লকার দুটি জব্দ করা হয়েছে। লকার জব্দ করতে সিআইসির একটি বিশেষ টিম কার্যক্রম পরিচালনা করেছে। জব্দ করা লকারগুলোর মধ্যে একটির নম্বর ৭৫৩, যার চাবি নম্বর ২০০। অপর লকারের নম্বর ৭৫১ ও চাবি নম্বর ১৯৬। লকার দুটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে খোলা হবে।
এর আগে ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। লকারটির নম্বর হচ্ছে ১২৮। লকারের পাশাপাশি পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর আছে। আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা জমা আছে। ওই দুটি হিসাবে মোট ৫৬ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছিল আয়কর গোয়েন্দারা। এসব হিসাব থেকে টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত ও অনুসন্ধান করে। এর অংশ হিসেবে এনবিআর দুটি রাষ্ট্রয়াত্ব ব্যাংকে থাকা শেখ হাসিনার তিনটি লকার জব্দ করেছে।
প্রতিনিধির নাম 






















