রোববার (১৭ মে) সকালে রাজস্থানের কোটার কাছে বগিতে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনায় কেউ আহতও হয়নি বলে কর্মকর্তারা দাবি করেছেন।
তারা বলেছেন, স্থানীয় সময় সকাল সোয়া ৫টার দিকে কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ৬৮ যাত্রীকে বহন করা বি-১ কোচটিতে আগুন ধরে যায়।
ক্ষতিগ্রস্ত কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করার পাশাপাশি নিরাপত্তার খাতিরে ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক লাইন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এক ভিডিওতে বিচ্ছিন্ন কোচটি থেকে গাঢ়, ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন রেললাইনের আশপাশে কিছু গাছেও ছড়িয়ে পড়েছিল।
সব যাত্রীকে ট্রেন থেকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদেরকে অন্য বগিতে নিয়ে ট্রেনটি কোটা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে একটি অতিরিক্ত কোচ যোগ করে আগের ধারণক্ষমতা নিশ্চিত করা হবে, বলেছে ভারতীয় রেলওয়ে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে তারা।
১২৪৩১ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার কেরালার তিরুভানান্তাপুরম থেকে যাত্রা করেছিল, রোববার বেলা সাড়ে ১২টার দিকে তার দিল্লির হযরত নিজামুদ্দিন আউলিয়া স্টেশনে পৌঁছানোর কথা। ট্রেনটি প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রাজধানী থেকে আনুমানিক সাড়ে চারশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বগিতে আগুন লাগে।
শুক্রবার হায়দরাবাদ রেলস্টেশনে যাত্রা শুরুর আগে প্ল্যাটফর্মে আনার সময় হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি বগিতেও আগুন দেখা যায়। সেসময় ট্রেনটির ভেতরে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায়ও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে ওই আগুন নিভিয়ে ফেলা হয় এবং ক্ষতিগ্রস্ত কোচগুলোকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়, জানায় সেকান্দারাবাদে সদরদপ্তর থাকা সাউথ সেন্ট্রাল রেলওয়ে।
আন্তর্জাতিক ডেস্ক 




















