নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবায় নতুন সুবিধা যুক্ত হয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেনের ভাড়ায় বিশেষ ছাড় দিয়ে গেজেট প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।
সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা ট্রেনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও একই হারে ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র বাধ্যতামূলক হবে।
ভাড়া ছাড় সুবিধা আন্তঃনগর ট্রেনের এসি ও নন-এসি চেয়ার এবং শোভন শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে একজন যাত্রী মাসে সর্বোচ্চ চারটি টিকিটে এ সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া শিশু, নারী ও অন্যান্য বিদ্যমান ছাড়ের বিধান অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রেও সুবিধা বহাল থাকবে।
সুবিধা গ্রহণের জন্য যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই ও নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রবীণ যাত্রীদের ক্ষেত্রে ছাড় অনলাইনে এবং কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট কেনার সময় পাওয়া যাবে। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে প্রাথমিকভাবে স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থায় নিবন্ধন সম্পন্ন করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একজন ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রী সহযাত্রী নিয়ে ভ্রমণ করলে সহযাত্রী ভাড়া ছাড় পাবেন না। এছাড়া একই যাত্রার টিকিট বাতিল করা হলে ওই যাত্রার জন্য পুনরায় ছাড় সুবিধা গ্রহণ করা যাবে না। গত ২৫ মে থেকে এই সুবিধা কার্যকর হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























