মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫)। তবে প্রায় তিন ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপন বৈঠক হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই রাজ্জাক ও এসআই শরিফুলসহ একাধিক পুলিশ সদস্য।
অভিযানের সময় পুলিশ সাব্বির শেখকে আটক করে এবং তার হাতে দুটি হাতকড়া পরায়। এ সময় তার অনুসারীরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শাহিন, আবজল, ইমন, কামরুল, নাসির, পুষ্প, বাচ্চুর স্ত্রীসহ প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এসআই রাজ্জাক গুরুতর আহত হন। এ সুযোগে সাব্বির শেখ হাতকড়াসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সাব্বির শেখকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।
শ্রীনগর থানার ওসি মিল্টন দত্ত জানান, সাব্বির শেখের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 
























