নেত্রকোনা জেলা প্রতিনিধি :
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নেত্রকোনার জারিয়া থেকে বিরিশিরি পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বুধবার (১৩ মে) দুপুরে পূর্বধলা জারিয়া-ঝানঝাই রেল স্টেশন থেকে দূর্গাপুর পর্যন্ত রেলপথ নির্মাণ করার যে পরিকল্পনা সেটি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেন। যে কাজ মানুষের দীর্ঘদিনের দাবি সেই কাজটি করে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য কাজ করছেন।
তিনি বলেন, দেশের মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী দেশের অবহেলিত মানুষের যে উন্নয়নটি সবার আগে প্রয়োজন সেটিই বাস্তবায়ন করবেন। তিনি সরকারের নানামুখী উন্নয়নের পরিকল্পনার কথাও জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা জেলা প্রতিনিধি 






















