ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি সব সময় আপনাদের বলেছি, এটি আমার শেষ নির্বাচন। আমি আবার বলছি, এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে চাই।
বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বল।
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
এ সময় ঠাকুরগাঁওয়ের চলমান ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি জানান, সদর উপজেলাকে ভেঙে আরো দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এ ছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, শাহিন আপনাদের, আমাদের এখানকার অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োজিত হয়েছেন।
মির্জা ফখরুল আরো বলেন, মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমতিও ইতিমধ্যে পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মসজিদ নির্মাণকাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, দেশের বাইরে অবস্থানরত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকেই ইতিমধ্যে এই মসজিদে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মসজিদের মুসল্লি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 




















