নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন গুরুতর অসুস্থ হয়ে বিদেশে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানে তার মালয়েশিয়া থেকে ঢাকায় আসার কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, ‘দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাস অনেকটা সুস্থ আছেন। তাই তিনি মালয়েশিয়া থেকে দেশে আসতেছেন।
তিনি বলেন, মির্জা আব্বাসের চিকিৎসা দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চলছিল। মেডিকেল বোর্ডের পরামর্শের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।
এর মধ্যে গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 























