নিজস্ব প্রতিবেদক :
পরিবারের সদস্য ও আত্মীয় ছাড়াও অন্যদের দান করা কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আইনগত বাধ্যবাধকতা না থাকায় নিকট আত্মীয় ছাড়াও স্বেচ্ছায় যে কেউ কিডনি দান করতে পারবেন।
বিএমইউ উপাচার্য বলেন, ইমোশনাল ডোনার যাচাই বাছাইয়ের জন্য কযেকটি সংস্থা কাজ করছে। সংস্থাগুলো আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে পরবর্তীতে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে। হাসপাতালের একটি টিম আছে, তারা মেডিকেল ও অন্যান্য জটিল বিষয় দেখে তদন্ত করে ইমোশনাল ডোনার সঠিক কি না, তা জেনে সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, কোনো অবস্থাতেই অর্থ লেনদেন হতে পারবে না। দীর্ঘদিন জটিলতায় কিডনি ট্রান্সফার বন্ধ ছিল। তবে এখন থেকে নিয়মিত কিডনি রোগিরা সেবা পাবেন। এখন পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে ট্রান্সফার হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























