কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহন নামে একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিমপাশে এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কের ওপর এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে তাদের দ্রুত বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বাসটিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে যাত্রীরা আগুন দেখতে পান। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।
বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও পরে বের করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের সাত সদস্যসহ কক্সবাজারে বেড়াতে আসা সোহেল রানা নামে এক যাত্রী বলেন, পরিবারের সাতজন কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার কাচ ভেঙে আমাদের উদ্ধার করেন।
বাসের যাত্রী রায়হান বলেন, ‘বাসে করে ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা চালকের সহকারী আমাদের জানাননি। প্রথমে পোড়া গন্ধ পাই। পরে আগুন দেখতে পাই। এরপর স্থানীয়রা আমাদের উদ্ধারে এগিয়ে আসেন।’
বাসের যাত্রী মোহাম্মদ আলী বলেন, প্রথমে পোড়া গন্ধ তারপর আগুন দেখতে পাই, কিন্তু প্রথম দিকে বাস চালক বা সহকারী কিছু জানাননি। ভাগ্য সহায় ছিল বেঁচে গেছি।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে।
রামু হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষের বক্তব্য না মিললেও বাসের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পাঠানো হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রতিনিধি 




















