চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
রেললাইনের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির অন্তত ১০টি দরজা খুলে পড়েছে। অল্পের জন্য ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকটি নিয়ে চালক সটকে পড়েন। এর ঘণ্টাখানেক পর দরজা খোলা অবস্থায় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
দোহাজারী রেলওয়ে স্টেশনমাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস পটিয়া স্টেশন পার হয়ে চন্দনাইশের খানহাট স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের পাশ ঘেঁষে দাঁড় করিয়ে রাখা মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনটির ঘষা লাগে। এতে ট্রেনটির বেশ কয়েকটি বগির দরজা খুলে পড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ট্রেনটির গার্ড ওমর ফারুক বলেন, খরনা ও কাঞ্চননগর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে একটি ট্রাক পার্কিং করার সময় এর পেছনের অংশের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৫টি বগির ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। ৪টি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে কোনো যাত্রী আহত হননি। প্রায় ২৫ মিনিট পর ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সঙ্গে মাছবোঝাই একটি মিনি ট্রাকের ঘষা লাগে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় পর্যটক এক্সপ্রেসের ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। আমরা জড়িত ট্রাকচালককে খুঁজছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
























