নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বৈরাচারের দোষর যখন সব জায়গায় বিদ্যমান, রাতারাতি সব পরিবর্তন সম্ভব না। সংস্কার প্রস্তাব আসলেই সব পরিবর্তন হয়ে যাবে তা নয়, রাজনৈতিক মতৈক্যও জরুরি।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরান এলিফ্যান্ট রোডের বিস অডিটোরিয়ামে বেসরকারি গবেষণা সংস্থা সিজিএস আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর: তাদের স্বপ্ন ও বাস্তবতা শির্ষক’ গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা না থাকলে স্বপ্নটা অধরাই থেকে যাবে। ফ্যাসিবাদের দোসররা সবখানেই আছে, সেসব জায়গা থেকেই পালটা আক্রমণ হবে। কাজেই আমরা যেন এক থাকি।
উপদেষ্টা বলেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। ফলে রাতারাতি (ওভার নাইট) সব কিছু চেঞ্জ করা সম্ভব নয়। অনেক দিন ধরে দলীয় শাসন ও ফ্যাসিজমে থাকতে থাকতে অনেক বিষয়কে আমরা সাধারণ হিসেবে ধরে নিয়েছি।
তিনি বলেন, আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই, যেখানে সময়মতো বিচার হবে। আমরা যতটা সমালোচনা করার করি, গঠনমূলক সমালোচনা করি, ফোকাসটা যেন নষ্ট না হয়।
আয়নাঘর হয়তো আর কোনোদিন দেখতে হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।
সপ্নগুলোকে ধারণ করে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারপর আমরা কী করবো, কী করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে। এগুলো নিয়ে অনেক বড় পরিসরে কাজ আমাদের করতে হবে, সকলকে মিলেই করতে হবে।
নিজস্ব প্রতিবেদক 





















