নিজস্ব প্রতিবেদক :
১১ দলীয় ঐক্যজোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
মনোনয়নপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা, সিইসি এ এম এম নাসির উদ্দিন।
অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে বিরোধী দলীয় নেতা, ঢাকা ১৫ আসনে জামায়াতের সংসদ সদস্য শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে এনসিপির সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনের নাম রয়েছে।
মনোনয়নপত্র গ্রহণের সময় সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
এসময় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ সংসদ অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে সম্প্রতি নির্বাচনের তফসিল দেয় ইসি।
একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে। এর আগে একক প্রার্থী থাকায় ১৯৯১ সালের পর প্রতিটি নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 



















