সিলেট জেলা প্রতিনিধি :
সিলেট-ঢাকা মহাসগড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), নিয়ামতের স্ত্রী হজুফা (২৮) ও মেয়ে আয়েশা (৪) এবং সিএনজিচালক শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া। নিয়ামত বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশার চালকসহ সাতজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেট জেলা প্রতিনিধি 


















