আন্তর্জাতিক ডেস্ক :
শ্রীলঙ্কায় বিদেশি সিগারেট পাচারকালে এক বাংলাদেশি ব্যবসায়ী আটক হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে দেশটির রাজধানী কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। বাংলাদেশি ওই ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৫১ লাখ শ্রীলঙ্কান রুপি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর শ্রীলঙ্কার খবরে বলা হয়েছে, আজ রোববার সকালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাচারের চেষ্টাকালে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের (বিআইএ) শুল্ক গোয়েন্দাদের হাতে এক বিদেশি যাত্রী আটক হয়েছেন। তাঁর কাছ থেকে উদ্ধারকৃত ওই সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ রুপি।
বন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী ওই অভিযুক্ত ব্যক্তি একজন বাংলাদেশি ব্যবসায়ী। তিনি থাই এয়ারওয়েজের টিজি-৩০৭ ফ্লাইটে করে রাত ১২টা ৫৫ মিনিটে ব্যাংকক থেকে শ্রীলঙ্কায় প্রবেশ করেন।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল বা যে পথ শুল্কযোগ্য পণ্য নেই এমন যাত্রীরা পার হন সেই পথ দিয়ে পার হওয়ার সময় শুল্ক কর্মকর্তারা তাঁকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছে থাকা দুটি ব্যাগ থেকে ১৭০ কার্টন অর্থাৎ মোট ৩৪ হাজার পিস বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
শুল্ক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে সম্পূর্ণ চালানটি জব্দ করা হয়েছে। পাশাপাশি ওই যাত্রীকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষ, বাংলাদেশি ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি।
আন্তর্জাতিক ডেস্ক 
























