নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এদিকে উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও একটি গোয়েন্দা সংস্থা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১৪৮) একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে বিমানটির কার্গোহোল (মালামাল রাখার স্থান) থেকে ১৬০টি বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১৯ কেজি। বর্তমান বার মুলত ৪৫ কোটি টাকা। সোনার বাহককে ধরার চেষ্টা চলছে।
এদিন অভিযানটি পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
তবে, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 



















