নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি। গত ৬ মাসে ১৯ থেকে ২০ টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। ১১টি সিটি করপোরেশন এবং ৬৩ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় লোকদের। এসব জায়গায় মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে বিএনপি।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার আসার পরই ভয়াবহ জ্বালানি তেল সংকট শুরু হয়েছিল। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। এতে গণপরিবহন, সেচ, সারসহ সব খাতে প্রভাব পড়েছে। বর্তমানে গ্যাস চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকা শহরে চুলা জ্বলছে না। শিল্প কারখানার উৎপাদন কমেছে।
তিনি বলেন, গ্যাস সংকটের কারণে ক্রয়াদেশ চলে যাচ্ছে। সরকার অঙ্গীকার করেছিল ক্ষমতাগ্রহণের দুই বছর বিদ্যুৎতের দাম বাড়াবে না। কিন্তু দুই মাসেই দাম বাড়ালো৷ এছাড়া লোডশেডিং, ভুতুড়ে বিল আসছে। ক্যাপাসিটি চার্জের বোঝা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে সময় একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। সেই সুপারিশ মানা হচ্ছে না। বর্তমানে কোন সংকট হলে হয় ফ্যাসিস্ট নাহয় অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। অথচ এর চাইতে খারাপ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, কৃষক সার পাচ্ছে না। বেশি দামে সার কিনতে হচ্ছে। ঋণ প্রবৃদ্ধি বাড়ছে। স্বাস্থ্যখাতে হাম মহামারিতে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছে, কিন্তু সংকট এখনও কাটেনি। কোনো বিশেষায়িত হাসপাতাল গঠন করা হয়নি। শিক্ষাঙ্গন দখল করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী মতাদর্শের ওপর হামলা হলেও কোনো বিচার হয়নি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৬ মাসে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি বিএনপি ঘটিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। আমরা প্রথম থেকেই বলে আসছি-সরকার গণভোটের গণরায়কে প্রত্যাখান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করে এনসিপি আহ্বায়ক বলেন, বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই। কোনো সংকট আসলে বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছে, যা কোনভাবে কাম্য নয়।
এ সময় বিএনপি সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিএনপির সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।
সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে নাহিদ বলেন, বিএনপি সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।
তিনি বলেন, জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে।
নাহিদ বলেন, দীর্ঘদিন ধরে র্যাব বিলুপ্তির দাবি থাকলেও সেটি না করে সরকার নতুন নামে সংস্থাটিকে পুনর্গঠন করছে। শুধু নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই সরকার এটি করছে।
নাহিদ বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে না আনতে পারা সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।
তিনি বলেন, সরকার পরিচালনায় ছয় মাস যথাযথ সময় না হলেও তাদের ব্যর্থতা এবং অপরিকল্পনার জন্য জনগণের কাছে তারা দুঃখ প্রকাশ করেনি। সরকার তাদের পুরনো রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। যদি সরকার সেখান থেকে ফিরে না আসে তাহলে তাদেরকে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়তে হবে।
নাহিদ ইসলাম বলেন, সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট ভারত সরকারের সহযোগিতাতেই দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছে।
তিনি বলেন, গ্যাস সংকটে কমেছে কারখানার উৎপাদন। দাম বাড়াবে না বলেও তিনমাসের মধ্যে বিএনপি বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।
নিজস্ব প্রতিবেদক 
























