নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হামের টিকাদান কর্মসূচিতে সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করে সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসি সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
বুধবার (১২ আগস্ট) গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফ-এর রিভিউ ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের টিকাদান কর্মসূচিতে সফলতা অর্জন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। হামের টিকার মাধ্যমে শিশুদের যেভাবে সুরক্ষা দেওয়া হয়েছে, একইভাবে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়ার মাধ্যমে নারী সমাজকেও সুরক্ষা দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি দেশের উন্নয়নে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার কর্মী হিসেবে দেশ গঠনে সহযোগিতা করছি এবং এই সহযোগিতা অব্যাহত রাখব।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সব সময় নগরবাসীর পাশে রয়েছে। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।
ডিএনসিসি প্রশাসক আরো বলেন, শহরের কোথাও বর্জ্য জমে থাকলে নগরবাসী বিষয়টি জানালে ডিএনসিসির কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা করবে। নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। এতে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
























